ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক অর্থায়ন কাঠামো পরিবর্তনের দাবি কপ-৩১-এ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ১১:২০ সকাল

Link Copied!

জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক অর্থায়ন কাঠামো পরিবর্তন এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য, পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি উঠেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ। বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের নেতারা বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোকে তাদের আর্থিক দায়বদ্ধতা পূরণ করতে হবে। জলবায়ু অর্থায়নের নামে উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা বাড়ানো যাবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের একটি সাইড ইভেন্টে এসব দাবি তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

‘জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা: গ্লোবাল সাউথের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এ আয়োজনে বক্তারা বলেন, প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের বাধ্যবাধকতা পূরণ করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক অভিযোজন লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ, প্রযুক্তি ও সক্ষমতা নিশ্চিত করতে হবে, যাতে অর্থ সরাসরি ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর কাছে পৌঁছায়।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলে নতুন ও অতিরিক্ত অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। অর্থপ্রাপ্তির জটিলতা কমিয়ে দ্রুত অর্থ ছাড় এবং ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করা জরুরি।

তাঁদের মতে, জলবায়ু সংকট তৈরিতে যেসব দেশ ও প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দায়ী, তাদেরই বেশি আর্থিক দায়িত্ব নিতে হবে। এ জন্য বড় দূষণকারীদের ওপর ন্যায্য কর আরোপ এবং সরকারি জলবায়ু অর্থায়নে তাদের অবদান বাড়ানোর আহ্বান জানান তাঁরা। পাশাপাশি কপ-৩১-এ অর্থায়নের প্রতিশ্রুতির পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও সুস্পষ্ট বাস্তবায়ন রোডম্যাপ নিশ্চিত করার দাবি জানান।

আয়োজক সূত্রে জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে সম্মেলনস্থলের সাইড ইভেন্ট কক্ষ-৫-এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ, এলডিসি ওয়াচ, নেপাল এবং ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ড যৌথভাবে এ আয়োজন করে।

অনুষ্ঠানে এপিএমডিডির সমন্বয়ক লিডি ন্যাকপিল বলেন, জলবায়ু অর্থায়ন যেন শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থাকে। আন্তর্জাতিক তহবিল ও অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থ দ্রুত, সহজ ও কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছাতে হবে। প্রাপ্ত অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে কার্যকর কর্মসূচি ও প্রকল্পের মাধ্যমে তা সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অপেক্ষায় না থেকে গ্লোবাল সাউথের সরকারগুলোকে নিজস্ব বাজেট ও নীতিতে জলবায়ু অর্থায়নকে অগ্রাধিকার দিতে হবে।

ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল বলেন, গ্লোবাল গোল অন অ্যাডাপটেশনের ৫৯টি সূচক গ্রহণ করাই যথেষ্ট নয়; এসব সূচকের বাস্তবায়নে মানুষের জলবায়ু ঝুঁকি কমছে কি না এবং জীবন-জীবিকা, খাদ্য, পানি ও প্রতিবেশব্যবস্থা আরও সহনশীল হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। উন্নয়নশীল দেশগুলোকে প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি ও বাস্তবায়ন সক্ষমতা না দিয়ে অভিযোজন লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যাশা করা যাবে না। ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রতিশ্রুতির ক্ষেত্রে কোন ভিত্তিবছর থেকে এই বৃদ্ধি হিসাব করা হবে, অর্থের উৎস কী, কে অর্থ দেবে, কখন তা সরবরাহ করা হবে এবং অর্থায়নের ধরন কী হবে, তা স্পষ্ট করতে হবে।

অক্সফামের মারিয়ানা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা, স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে কার্যকর ও বাস্তবভিত্তিক সমাধান গ্রহণ করতে হবে। পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে অর্থায়নের প্রয়োজন,গুণগত মান ও কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। বিদ্যমান পরিকল্পনাগুলো নিয়মিত পর্যালোচনা ও হালনাগাদ করতে হবে, তথ্য-উপাত্ত ও গবেষণার ভিত্তিতে অর্থায়ন ও বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে হবে।

কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ-এর এম. এ. হাসান বলেন, জলবায়ু অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক আলোচনায় আমরা প্রায়ই বড় অঙ্কের প্রতিশ্রুতি শুনি। কিন্তু জলবায়ু অর্থায়নের সাফল্য শুধু প্রতিশ্রুত অর্থের পরিমাণ দিয়ে বিচার করা যাবে না। জানতে হবে, এই অর্থ কে দেবে, কোন উৎস থেকে আসবে, কখন দেওয়া হবে, কী শর্তে দেওয়া হবে, কার কাছে পৌঁছাবে এবং এর মাধ্যমে বাস্তবে কী পরিবর্তন ঘটবে।

তিনি বলেন, গ্লোবাল সাউথের দেশগুলো কোনো দাতব্য সহায়তা চাইছে না; তারা জলবায়ু ন্যায়বিচার চাইছে। যে সংকট তৈরিতে আমাদের অবদান সবচেয়ে কম, সেই সংকট থেকে নিজেদের জনগণকে রক্ষা করতে আমরা আরও ঋণ নিতে বাধ্য হব, এটি মেনে নেওয়া যায় না। আমরা এমন জলবায়ু অর্থায়ন মেনে নিতে পারি না, যা দেশের ঋণের বোঝা আরও বাড়িয়ে দেয়। একইভাবে এমন আর্থিক ব্যবস্থাও গ্রহণযোগ্য নয়, যেখানে ঋণদাতাদের স্বার্থ সুরক্ষিত থাকে, কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন উপেক্ষিত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি

উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন পূরণের তাগিদ ভারতের

কক্সবাজারে অবকাঠামো তৈরিতে রোহিঙ্গা নারীদের দৃষ্টান্ত স্থাপন

কৃষকের সঙ্গে আলোচনা করে আমনের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণের দাবি ২৯ নাগরিকের

অকটেন-ডিজেলে পরিমাপে কারচুপি, কাফরুলে পাম্পকে জরিমানা

কপ৩১ সম্মেলনে বৈদ্যতায়নে ১৫,৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ

জলবায়ু প্রতিবেদনের জট কাটাতে আইপিসিসি প্রধানের আহ্বান

চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে জোর দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

সংসদ চত্বরে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তামাক বিরোধী জোট