ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

জয়পুরহাটে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ । ১৫৯ জন

জয়পুরহাট রেলগেট এলাকায় রেলওয়ের সম্পত্তির ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেল বিভাগ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রেলগেটের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অর্ধশতাধিক টিনশেড স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ঈশ্বরদীর পাকশির বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, গত বছরও একই স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। রেলওয়ের সংস্কার ও জায়গা দখলমুক্ত রাখতে এ অভিযান চালানো হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। তবে আদালতে মামলা থাকায় ‘ছানাঘর’ নামের একটি দোকান উচ্ছেদ করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “দুপুর থেকে শহরের রেলগেট এলাকায় রেলওয়ের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে। শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।”