চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। সকাল জুড়ে ঘন কুয়াশা, দুপুর পর্যন্ত সূর্যের পর্যাপ্ত উত্তাপ না থাকা এবং উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মজীবী মানুষ থেকে শুরু করে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষেরা শীতের তীব্রতায় চরম ভোগান্তির মুখে পড়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, “আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এটি এই শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।”
শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।


