ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

আগামী পাঁচ দিনে আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ । ১৫০ জন

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ শ্রীলংকার দিকে অগ্রসর হলেও দেশে এর সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এর সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কায় জনজীবনে বাড়ছে ভোগান্তি, যদিও আগামী কয়েক দিন সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৯ জানুয়ারি) সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিরাজমান শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১০ জানুয়ারি) ও রোববার (১১ জানুয়ারি) আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১২ জানুয়ারি) পর্যন্ত আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ওই দিনও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে সারাদেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।