
পরিবেশ অধিদপ্তর আজ একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পরিবেশ সুরক্ষা নিশ্চিতের জন্য কালো ধোঁয়া নির্গমন, শব্দদূষণ, নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।
বান্দরবান ও ঢাকার চকবাজার ইমামগঞ্জ এলাকায় পরিচালিত দুটি মোবাইল কোর্ট অভিযানে ১টি মামলার মাধ্যমে ৫০০ টাকা জরিমানা এবং ২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া সুপারশপ ও দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সাধারণ জনগণের মাঝে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
মানিক মিয়া এভিনিউ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমন রোধে পরিচালিত অভিযানে ৫টি মামলার মাধ্যমে মোট ১৪,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে পরিচালিত অভিযানে ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং চালকগণকে সতর্কবার্তা প্রদান করা হয়।
ঢাকার আদাবর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট অভিযানে ১টি মামলার মাধ্যমে ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করে অবিলম্বে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং আইনগত বিধি-নিষেধ বাস্তবায়নের জন্য এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।