
কক্সবাজার সদরে বজ্রপাতে রমিজ উদ্দিন নামে এক লবণ চাষির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলা-এর চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন।
নিহত রমিজ উদ্দিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা এলাকার অছিউর রহমানের ছেলে। তিনি পেশায় লবণ চাষি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এ সময় চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজসংলগ্ন লবণ মাঠে কাজ করছিলেন রমিজ উদ্দিনসহ কয়েকজন শ্রমিক।
একপর্যায়ে বৃষ্টির মধ্যে তিনি লবণ মাঠ থেকে উঠে মাঝেরঘাট ব্রিজের ওপর গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, সকাল থেকে কক্সবাজারের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।