
এবারের শীত মৌসুমে দেশে মোট ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে উত্তরপূর্ব ও মধ্যাঞ্চলে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। ফলে ডিসেম্বর মাসে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে এবং এই সময়কালেই শৈত্যপ্রবাহের প্রকোপ সবচেয়ে বেশি থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, এ সময়ে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ২ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ২টি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
তিনি আরও বলেন, আগামী তিন মাস দেশের উত্তর, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। অন্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এ সময়ে দেশে ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি এবং ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে, ফলে শীতের অনুভূতি আরও বাড়বে। যদিও সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।