
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১০ জেলায় স্বল্পমেয়াদি ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় এফএফডব্লিউসির প্রকাশিত বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে দেশের প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। বর্তমানে দুটি প্রধান নদীর পানি তিনটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সংস্থাটি জানায়, কুশিয়ারা নদীর পানি সিলেটের ছাতক পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আশপাশের নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে।
এফএফডব্লিউসি জানিয়েছে, আগামী তিন দিনে সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানিও বাড়ছে, যা স্বল্পমেয়াদি প্লাবনের ঝুঁকি বাড়াচ্ছে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি বা বিদ্যমান পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
এদিকে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বাড়ছে। তিস্তার পানি ইতোমধ্যে ডালিয়া, কাউনিয়া, তারাপুর ও হারিপুর পয়েন্টে সতর্কসীমায় পৌঁছেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদী ব্যবস্থার পানির স্তর টানা পাঁচ দিন ধরে বাড়ছে। কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি সতর্কসীমায় রয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নিম্নাঞ্চলও বন্যার ঝুঁকিতে পড়তে পারে।
এ ছাড়া আগামী তিন দিনের মধ্যে আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে নওগাঁ ও নাটোরের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এফএফডব্লিউসির নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, আগামী ২৪ ঘণ্টায় উজানে ও দেশের ভেতরে ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। তবে এই মুহূর্তে বড় ধরনের বা দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই।