ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

আগামী ৭২ ঘণ্টায় বাড়তে পারে কয়েকটি নদীর পানি

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৬, ১০:৩৬ সকাল

Link Copied!

দেশের বিভিন্ন অববাহিকার নদ-নদীর পানি আগামী কয়েক দিনের মধ্যে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, বান্দরবান ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার (৬ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাস স্বাক্ষরিত প্রধান অববাহিকা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) জোনভিত্তিক নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও যমুনার পানি কিছুটা বেড়েছে। তবে উভয় নদীই এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী পাঁচ দিনে এ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে প্রথম দুই দিন পানি কিছুটা কমলেও পরবর্তী তিন দিনে আবার বাড়তে পারে, তবে বিপৎসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে।

গঙ্গা-পদ্মা অববাহিকার নদ-নদীর পানিও বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং সব নদী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী পাঁচ দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে প্রথম তিন দিন পানি স্থিতিশীল থাকলেও শেষ দুই দিনে বৃদ্ধি পেতে পারে।

সুরমা-কুশিয়ারা অববাহিকায় গত ২৪ ঘণ্টায় নদীর পানি কমলেও কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে সতর্কসীমায় রয়েছে। আগামী তিন দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে এক দিন স্থিতিশীল থাকার পর নদীর পানি দ্রুত বাড়তে পারে।

উত্তরাঞ্চলে তিস্তা নদী নীলফামারীর ডালিয়া পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা ও ঘাঘট নদীগুলো বিপৎসীমার নিচেই থাকতে পারে।

এ ছাড়া ময়মনসিংহ অঞ্চলের জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি আগামী তিন দিনে দ্রুত বাড়তে পারে। অন্যদিকে ঢাকা অঞ্চলের তুরাগ, টঙ্গীখাল, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও বালু নদীর পানি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলো কিছু স্থানে সতর্কসীমায় পৌঁছাতে পারে। একই সময়ে নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবন দেখা দিতে পারে।

এদিকে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে গোমতী, মুহুরি, সেলোনিয়া ও ফেনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কক্সবাজার, ফেনী ও চট্টগ্রামের কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এ ছাড়া হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও দ্রুত বাড়তে পারে। এর ফলে বান্দরবান ও খাগড়াছড়ির কিছু এলাকায় এসব নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

Facebook Comments Box

আরও পড়ুন

নিজের প্রাণ বাঁচাতে ডিমকেই ঢাল করছে মৌমাছি, ঝুঁকিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা

স্থূলতা মোকাবিলায় নতুন আশা অরফরগ্লিপ্রন বড়ি

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি ই-সিগারেট ও ভ্যাপের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আহ্বান

বান্দরবানে পাহাড়ধসে পাকা দালানসহ ৭ বসতঘর ক্ষতিগ্রস্ত

দেশজুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস

টানা বর্ষণে বান্দরবানে ভয়াবহ বন্যা, বিপৎসীমার ওপরে তিন নদী

ছয় মাসে সমুদ্রপথে ইতালিতে সবচেয়ে বেশি পৌঁছেছেন বাংলাদেশিরা

কক্সবাজারে পাহাড়ধস-বন্যার তাণ্ডব, প্রাণ গেল ১২ জনের

দুই অঞ্চলে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

১২ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

টানা বৃষ্টিতে কক্সবাজারের ৩৩ ইউনিয়ন প্লাবিত, পানিবন্দী হাজারো মানুষ

ভারী বর্ষণে পানির নিচে খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক, যান চলাচল বন্ধ