
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে। এদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শনিবার (১ নভেম্বর) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২ নভেম্বর (রোববার) ঢাকা ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। ৩ নভেম্বর (সোমবার) কেবল চট্টগ্রাম অঞ্চলের দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও অন্যত্র আকাশ থাকবে আংশিক মেঘলা ও শুষ্ক। ৪ নভেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।