
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন দিন দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (৮ মে) রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (৯ মে) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া রোববার (১০ মে) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।