
গত এক বছরে বাংলাদেশে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি (এইডস) ভাইরাস শনাক্ত হয়েছে এবং একই সময়ে এ রোগে আক্রান্ত ২৮৫ জনের মৃত্যু হয়েছে। আগের বছরের তুলনায় এ বছর নতুন সংক্রমণ শনাক্তের হার বেড়েছে ২২ শতাংশ।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের এইচআইভি পরিস্থিতি ও সরকারি কার্যক্রমের এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এবারের বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এনডিং এইডস স্টার্ট উইথ অ্যাকসেস’। দিবসটি উপলক্ষে আগামী ১ ডিসেম্বর সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে র্যা লি এবং পরে মিলনায়তনের ভেতরে সেমিনারের আয়োজন করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৬৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়। এতে ২ হাজার ৩০৫ জনের সংক্রমণ ধরা পড়ে। ২০২৫ সালে শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯১ জন; সে হিসাবে এক বছরের ব্যবধানে নতুন শনাক্ত বেড়েছে ২২ শতাংশ।
প্রেস নোটে উল্লেখ করা হয়েছে, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য। আক্রান্তদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে সংক্রমণের হার সর্বোচ্চ ৬১ শতাংশ। এ ছাড়া ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ২৪ শতাংশ এবং অন্যান্য বয়সীদের মধ্যে এ হার ১৫ শতাংশ। বৈবাহিক অবস্থার দিক থেকে আক্রান্তদের ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ তালাকপ্রাপ্ত বা একা বসবাসকারী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার এখনো শূন্য দশমিক ১ শতাংশের নিচে রয়েছে। তবে নির্দিষ্ট কিছু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এ হার তুলনামূলক বেশি। নতুন শনাক্ত ব্যক্তিদের পেশা ও আচরণ বিশ্লেষণে দেখা গেছে, এর মধ্যে ৬০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ ও পুরুষ যৌনকর্মী (এমএসএম/এমএসডব্লিউ), ১৮ শতাংশ অন্যান্য সাধারণ জনগোষ্ঠী, ১১ শতাংশ বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য, ৫ শতাংশ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন), ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী, ১ শতাংশ তৃতীয় লিঙ্গের মানুষ এবং ১ শতাংশ নারী যৌনকর্মী।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪০ জন এইচআইভিতে আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং আনুমানিক ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন। সরকারি ও উন্নয়ন সহযোগীদের অর্থায়নে পরিচালিত এ কার্যক্রমের অংশ হিসেবে বর্তমানে ২০টি জেলার ২০টি সরকারি হাসপাতালে এইচআইভি টেস্টিং সেন্টার চালু রয়েছে। এ ছাড়া ১৬টি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতাল এবং আটটি এনজিও স্যাটেলাইট ও ড্রপ-ইন সেন্টারের মাধ্যমে আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
২০১৭ সাল থেকে সরকার এইচআইভি আক্রান্তদের চিকিৎসার ব্যয় বহন করছে এবং বিনা মূল্যে অ্যান্টিরেট্রোভাইরাল (এআরভি) ওষুধ সরবরাহ করছে। বর্তমানে প্রায় ১০ হাজার ১১৪ জন রোগী এ ওষুধ পাচ্ছেন। পাশাপাশি দেশের ৬৪টি জেলার মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে এইচআইভি পরীক্ষার সেবা সম্প্রসারণের লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে, যা ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নীতিগত অনুমোদন পেয়েছে।
এ ছাড়া দেশের ৪২টি জেলায় শিরায় মাদক গ্রহণকারী, পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ, নারী যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রায় ১ লাখ ৪৫ হাজার মানুষের মধ্যে এইচআইভি প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় প্রতিরোধ সামগ্রী বিতরণ, পরীক্ষা, চিকিৎসা নিশ্চিতকরণ, যৌনবাহিত রোগের ব্যবস্থাপনা, পিয়ার এডুকেশন ও আচরণ পরিবর্তনে সচেতনতামূলক কার্যক্রম চলছে। একই সঙ্গে উন্নয়ন সহযোগী ও বেসরকারি সংস্থাগুলোর সহায়তায় দেশের ১১টি জেলার ১১টি কারাগারে এবং কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যেও এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।