
যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি ২০২৬ সালে দেশটিতে হাম আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ। গত বছরের তুলনায় এ বছর সংক্রমণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। টিকাদানের হার কমে যাওয়া এবং বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক প্রাদুর্ভাবের কারণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর পর্যন্ত দেশটিতে ৬ হাজার ৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্তদের ৬৭১ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং সিডিসির হিসাবে মৃত্যু হয়েছে ৯ জনের।
গত বছরের পুরো সময়ে যুক্তরাষ্ট্রে ২ হাজার ২৮৯ জনের হাম শনাক্ত হয়েছিল। সে তুলনায় চলতি বছরের সংক্রমণ ইতোমধ্যে আড়াই গুণের বেশি হয়েছে। ২০২৪ সালে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৮৫।
দেশটির ৪৭টি অঙ্গরাজ্য ও অঞ্চলে সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় ৯৬ শতাংশই টিকা নেননি অথবা তাঁদের টিকাদানের অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। এ বছর নতুন করে ৪৩টি প্রাদুর্ভাবের ঘটনা ঘটেছে। মোট সংক্রমণের প্রায় ৯৭ শতাংশই এসব প্রাদুর্ভাবের সঙ্গে সংশ্লিষ্ট।
অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পেনসিলভানিয়ায়। সেখানে চলতি বছর ১ হাজার ৬৭৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে সাউথ ক্যারোলাইনা, উইসকনসিন, উটাহ ও ওহাইওতে।
শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও এবার উল্লেখযোগ্য হারে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের মধ্যে ২০ বছর বা তার বেশি বয়সীদের সংখ্যা ২ হাজার ৫১০। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের হাসপাতালে ভর্তির হার সবচেয়ে বেশি।
এদিকে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে হাম নির্মূলের স্বীকৃতি হারানো। ২০০০ সালে দেশটিতে হাম নির্মূল ঘোষণা করা হয়েছিল। কিন্তু একই ধরনের ভাইরাসের অবিচ্ছিন্ন সংক্রমণ ১২ মাসের বেশি সময় ধরে চলতে থাকায় চলতি বছরের ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সেই স্বীকৃতি বাতিল হয়।
বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধে টিকাদানের হার কমে যাওয়া সংক্রমণ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। দুই ডোজ এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকা নিলে হাম প্রতিরোধে প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা পাওয়া যায়। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদানের আওতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়তে পারে ভাইরাসটি। এতে জ্বর, কাশি, চোখ লাল হওয়া ও শরীরে ফুসকুড়ি দেখা দেয়। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ এমনকি মৃত্যুও হতে পারে।