
চুয়াডাঙ্গার জীবননগরে বাইসাইকেলে স্কুলে যাওয়ার পথে মাটিবাহী লাটাহাম্বারের ধাক্কায় ফারিয়া খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারিয়া খাতুন জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের খবির উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল ফারিয়া। পথে কালা গ্রামে একটি মাটিবাহী লাটাহাম্বারের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী লাটাহাম্বারটি আটকে রেখে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।