
দুই বছর ধরে ধারাবাহিকভাবে হাম সংক্রমণ বাড়তে থাকায় রোগটি নির্মূলের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২০২৬ সালে হাম আক্রান্তের সংখ্যা ২০০০ সালে রোগটি নির্মূল ঘোষণার পর যেকোনো বছরের তুলনায় বেশি হয়েছে। এমনকি ১৯৯১ সালের পর চলতি বছরই দেশটিতে সবচেয়ে বেশি হাম সংক্রমণের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম কেএসএল ডটকমে প্রকাশিত সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে বড় আকারের হাম প্রাদুর্ভাব এবং বিশেষ করে শিশুদের মধ্যে টিকাদানের হার কমে যাওয়ায় দেশটি হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) পরিচালককে পরামর্শ দেওয়া একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন এ সিদ্ধান্তে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানিয়েছে।
চলতি বছর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেখানে ২০২৬ সালে হামের সঙ্গে সংশ্লিষ্ট সাতজনের মৃত্যুর খবর জানিয়েছে অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া উইসকনসিনে দুজন এবং নিউইয়র্কে একজনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে হামে তিনজনের মৃত্যু হয়েছিল। ২০১৫ সালের পর দেশটিতে হামজনিত মৃত্যুর ঘটনা ছিল সেটিই প্রথম।
২০২৫ সালে পশ্চিম টেক্সাসে বড় ধরনের হাম প্রাদুর্ভাব দেখা দেয়। দেশটির ওই বছরের মোট সংক্রমণের অন্তত এক-তৃতীয়াংশ ছিল এ প্রাদুর্ভাবের সঙ্গে সংশ্লিষ্ট। টেক্সাসের স্বাস্থ্য কর্মকর্তারা পরে ওই প্রাদুর্ভাবের সমাপ্তি ঘোষণা করলেও অন্যান্য অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়তে থাকে।
এদিকে দক্ষিণ ক্যারোলাইনায়ও উল্লেখযোগ্যসংখ্যক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। ২০২৫ সালের অক্টোবর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত স্পার্টানবার্গ কাউন্টিতে ছড়িয়ে পড়া প্রাদুর্ভাবে প্রায় এক হাজার মানুষ আক্রান্ত হন। কয়েক দশকের মধ্যে এটি ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম বড় হাম প্রাদুর্ভাব।
প্রতিবেদনে বলা হয়েছে, হামের অধিকাংশ সংক্রমণই ঘটছে টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে। বিশেষ করে ২০ বছরের কম বয়সীদের আক্রান্ত হওয়ার হার বেশি। হাম অত্যন্ত সংক্রামক একটি বায়ুবাহিত রোগ। এতে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া এবং শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিতে পারে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, দেশটিতে হাম আক্রান্ত টিকাবিহীন প্রতি পাঁচজনের একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়। প্রতি ২০ জন আক্রান্ত শিশুর একজনের নিউমোনিয়া হতে পারে। এ ছাড়া মস্তিষ্কে প্রদাহসহ গুরুতর জটিলতা দেখা দিতে পারে। আক্রান্ত প্রতি এক হাজার শিশুর মধ্যে তিনজন পর্যন্ত শ্বাসতন্ত্র ও স্নায়বিক জটিলতায় মারা যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধে টিকাদানের হার অন্তত ৯৫ শতাংশ হওয়া প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্রে কিন্ডারগার্টেন পর্যায়ের শিশুদের মধ্যে এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকার দুই ডোজ সম্পন্ন করার হার কমেছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে এ হার ছিল ৯৫ দশমিক ২ শতাংশ, যা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪ শতাংশে। সিডিসির হিসাবে, টিকাদানের এই ঘাটতির কারণে প্রায় ২ লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিতে রয়েছে।
উল্লেখ্য, ২০০০ সালে যুক্তরাষ্ট্রে হাম নির্মূল ঘোষণা করা হয়েছিল। তবে বিদেশ থেকে বিচ্ছিন্নভাবে সংক্রমণ আসার ঘটনা স্বাভাবিক হলেও উচ্চ টিকাদানের কারণে আগে দেশটিতে রোগটির ব্যাপক বিস্তার বিরল ছিল। বর্তমানে টিকাদানের হার কমে যাওয়া এবং একের পর এক প্রাদুর্ভাবের কারণে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে।