ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

আফ্রিকায় প্রথমবার ইবোলার এমআরএনএ টিকার পরীক্ষা শুরু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ১:০৯ বিকাল

Link Copied!

ইবোলা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় নতুন আশার আলো দেখাচ্ছে এমআরএনএ প্রযুক্তির টিকা। আফ্রিকার দেশ উগান্ডায় প্রথমবারের মতো ইবোলার বিরল বুন্দিবুগিও (Bundibugyo) ধরন প্রতিরোধে এমআরএনএ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। পরীক্ষামূলক এ টিকা প্রাপ্তবয়স্কদের পাশাপাশি এক বছর বয়সী শিশুদের শরীরেও প্রয়োগ করে এর নিরাপত্তা ও রোগ প্রতিরোধক্ষমতা তৈরির সক্ষমতা যাচাই করা হবে।

শনিবার (২৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উগান্ডার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান উগান্ডা ভাইরাস রিসার্চ ইনস্টিটিউট (ইউভিআরআই) শুক্রবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার সঙ্গে যৌথভাবে এ পরীক্ষার কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, পরীক্ষায় ১ থেকে ৬৫ বছর বয়সী প্রায় ২২৪ জন সুস্থ স্বেচ্ছাসেবী অংশ নেবেন।

এটি আফ্রিকায় বুন্দিবুগিও ইবোলা ভাইরাসের বিরুদ্ধে এমআরএনএ প্রযুক্তির প্রথম ফেজ-১ ক্লিনিক্যাল ট্রায়াল। এর আগে গত আগস্টে কানাডায় একই টিকার প্রথম মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। তবে সেখানে শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্ত করা হয়েছিল।

নতুন পরীক্ষায় প্রথমবারের মতো শিশুদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে। টিকাটি শরীরে প্রয়োগের পর স্বেচ্ছাসেবীদের প্রায় এক বছর পর্যবেক্ষণে রাখা হবে। এ সময়ে টিকার নিরাপত্তা এবং শরীরে রোগ প্রতিরোধক্ষমতা তৈরির প্রতিক্রিয়া মূল্যায়ন করবেন গবেষকেরা।

এদিকে ইবোলার এই ধরন মোকাবিলায় আরও একটি টিকা নিয়ে কাজ চলছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ভারতের সেরাম ইনস্টিটিউট যৌথভাবে তৈরি করেছে ChAdOx1 নামের একটি পরীক্ষামূলক টিকা। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রেও (ডিআর কঙ্গো) এ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া গাভি (Gavi) নামের আন্তর্জাতিক টিকা জোট সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ১৫ লাখ ডোজ টিকা সংগ্রহের বিষয়ে চুক্তি করেছে। পরীক্ষায় কার্যকারিতা প্রমাণিত হলে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে এর কয়েক লাখ ডোজ দ্রুত ব্যবহারের জন্য প্রস্তুত রাখার পরিকল্পনা রয়েছে।

এদিকে ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসের মাঝামাঝি প্রাদুর্ভাব শুরুর পর ২৬ নভেম্বর পর্যন্ত দেশটিতে অন্তত ১২ হাজার ২১ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। মারা গেছেন ৫ হাজার ৯০৪ জন।

এই প্রাদুর্ভাবের জন্য দায়ী বুন্দিবুগিও ধরনটি তুলনামূলক বিরল। এ ধরনের ইবোলা মোকাবিলায় এখনো অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই। ফলে নতুন টিকা উদ্ভাবন ও পরীক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিবেশী দেশ উগান্ডাতেও এ বছর ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। দেশটিতে ২০ জন আক্রান্ত এবং দুজনের মৃত্যু হয়। তবে গত ২৮ জুলাই দেশটিতে প্রাদুর্ভাবের অবসান ঘোষণা করা হয়।

বিশেষজ্ঞদের আশা, পরীক্ষায় টিকাটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হলে ভবিষ্যতে বুন্দিবুগিও ইবোলার সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এখনই এর কার্যকারিতা নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই। ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল এবং প্রয়োজনীয় অনুমোদনের ওপরই এর ভবিষ্যৎ ব্যবহার নির্ভর করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খরা ও তাপপ্রবাহে ছোট হচ্ছে যুক্তরাজ্যের বড়দিনের জনপ্রিয় সবজি

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৩.১ ডিগ্রি, তিন দিনে কমেছে ৩.৬ ডিগ্রি

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, বাড়ছে শীতের প্রকোপ

পিকেএসএফের সহায়তায় প্রায় ৯ লাখ টুইন-পিট টয়লেট নির্মাণ

সোশ্যাল এন্টারপ্রাইজ মডেলে শনাক্ত ৫৩ হাজারের বেশি যক্ষ্ম রোগী

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

রাজস্ব আয় না বাড়লে বিনিয়োগ-বাণিজ্যে ভারসাম্য সম্ভব নয়: অর্থমন্ত্রী

গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক নিহত

ওয়াশিংটনে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ডানা

জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

এআইয়ের নতুন সক্ষমতায় ঝুঁকিতে বিশ্বের ব্যাংক ও সরকারের গোপন তথ্য!

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?