ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক
  3. লাইফস্টাইল

এআইয়ের নতুন সক্ষমতায় ঝুঁকিতে বিশ্বের ব্যাংক ও সরকারের গোপন তথ্য!

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ বিকাল

Link Copied!

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গাণিতিক সক্ষমতায় সাম্প্রতিক অগ্রগতি বিশ্বজুড়ে তথ্যের নিরাপত্তাব্যবস্থাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে। শক্তিশালী এআই মডেল দিয়ে কয়েক দশকের পুরোনো জটিল গাণিতিক সমস্যার সমাধান সম্ভব হচ্ছে। এর ফলে ব্যাংক, সরকার ও গোয়েন্দা সংস্থার গোপন তথ্য সুরক্ষায় ব্যবহৃত এনক্রিপশন প্রযুক্তি ভাঙার পথ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি এআই প্রতিষ্ঠান এনক্রিপশন প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করে থাকতে পারে। তবে এসব আবিষ্কারের বিষয়ে প্রতিষ্ঠানগুলো এখনো প্রকাশ্যে কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি।

প্রতিবেদনে বলা হয়, তাত্ত্বিক কম্পিউটারবিজ্ঞানী স্কট অ্যারনসন জানিয়েছেন, নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে তিনি জানতে পেরেছেন, এআই গবেষণাগারগুলো ক্রিপ্টোগ্রাফি বা তথ্য এনক্রিপশনসংক্রান্ত এক বা একাধিক বড় ধরনের সাফল্য অর্জন করে থাকতে পারে। তাঁর মতে, এসব আবিষ্কারের প্রভাব আগামী কয়েক মাসের মধ্যেই স্পষ্ট হতে পারে।

এনক্রিপশন হলো এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে তথ্যকে বিশেষ সাংকেতিক রূপে রূপান্তর করা হয়, যাতে অনুমোদনহীন ব্যক্তি তা পড়তে বা ব্যবহার করতে না পারেন। অনলাইন ব্যাংকিং লেনদেন, সরকারি গোপন নথি, কূটনৈতিক যোগাযোগ এবং ব্যক্তিগত ই-মেইলের নিরাপত্তায় এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই যদি এনক্রিপশনের ভিত্তি হিসেবে ব্যবহৃত জটিল গাণিতিক সমস্যাগুলোর সমাধানে নতুন কোনো কার্যকর পদ্ধতি আবিষ্কার করে, তাহলে সুরক্ষিত তথ্যের গোপনীয়তা ভেঙে পড়তে পারে। এতে হ্যাকারদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্যও গোপন যোগাযোগের তথ্য উন্মুক্ত হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটারবিজ্ঞানের অধ্যাপক স্টিভেন মারডক বলেন, যারা মনে করতেন এআই দিয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান সম্ভব নয়, তারা ভুল প্রমাণিত হয়েছেন। বর্তমানে এআইয়ের সক্ষমতার সীমা কোথায়, তা আর স্পষ্ট নয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ মার্কাস ডু সোতোয়াও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, বিশ্বের ইলেকট্রনিক তথ্যের নিরাপত্তার কেন্দ্রে রয়েছে কিছু মৌলিক গাণিতিক সমস্যা। এআই ইতোমধ্যে সেগুলোর সমাধান করে ফেলেছে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে সাম্প্রতিক আবিষ্কারগুলোর প্রকৃত প্রভাব এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

এদিকে এনক্রিপশন প্রযুক্তির জন্য দীর্ঘদিন ধরে আরেকটি বড় হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটারকে। ভবিষ্যতে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরি হলে বর্তমানে ব্যবহৃত অনেক এনক্রিপশন অ্যালগরিদম ভেঙে ফেলা সম্ভব হতে পারে। তবে এ ধরনের প্রযুক্তি বাস্তবে কার্যকরভাবে ব্যবহারের উপযোগী হতে এখনো কয়েক বছর সময় লাগতে পারে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক স্টিভেন মারডকের মতে, কোয়ান্টাম কম্পিউটারের ঝুঁকি মোকাবিলায় সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো উন্নত এনক্রিপশন ব্যবস্থায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ পরিবর্তনের লক্ষ্য ছিল ২০৩২ সালের মধ্যে নতুন নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা। তবে বর্তমান অগ্রগতির তুলনায় সেই প্রস্তুতির গতিও পিছিয়ে পড়তে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এআইয়ের কোনো গাণিতিক সাফল্য পাওয়া গেলেই তাৎক্ষণিকভাবে বিশ্বের সব এনক্রিপশন ব্যবস্থা অকার্যকর হয়ে যাবে, এমন নয়। বরং কোন ধরনের এনক্রিপশন প্রযুক্তি আক্রান্ত হতে পারে এবং আবিষ্কৃত পদ্ধতিটি বাস্তবে কতটা কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব, তার ওপর ঝুঁকির মাত্রা নির্ভর করবে। এআইয়ের আবিষ্কৃত গাণিতিক প্রমাণগুলো মানব গণিতবিদ ও কম্পিউটারবিজ্ঞানীদের মাধ্যমে যাচাই করাও জরুরি।

ইউনিভার্সিটি অব সারের কম্পিউটারবিজ্ঞানের অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেন, কোনো গাণিতিক অগ্রগতি মানেই তাৎক্ষণিকভাবে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হওয়া নয়। তবে কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা সমস্যাগুলো সমাধানে এআইয়ের দ্রুত অগ্রগতি গুরুতর প্রভাব ফেলতে পারে। তাঁর মতে, ব্যাংক ও সরকারের মতো প্রতিষ্ঠানগুলোর দ্রুত নিরাপত্তাব্যবস্থা পরিবর্তনের সক্ষমতা থাকা প্রয়োজন। যারা দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারবে, তারা নিরাপদ থাকবে; পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলিও এআইয়ের ক্রমবর্ধমান সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানকে নতুন মডেল জনসাধারণের জন্য উন্মুক্ত করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এনক্রিপশন প্রযুক্তির নিরাপত্তা শুধু ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয় নয়; বরং বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা, রাষ্ট্রীয় যোগাযোগ, কূটনৈতিক সম্পর্ক ও আর্থিক লেনদেনের নিরাপত্তার সঙ্গেও সরাসরি জড়িত। ফলে এআইয়ের গাণিতিক সক্ষমতায় নতুন কোনো বড় অগ্রগতি এলে তার প্রভাব মোকাবিলায় সরকার, ব্যাংক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আগেভাগেই প্রস্তুতি নিতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ফ্যাশন ব্র্যান্ড চাইলে দেশের ৮৫.৯ লাখ টন কার্বন নির্গমন রোধ করা সম্ভব

তাপদাহের ঝুঁকি থেকে মা ও শিশুকে রক্ষায় ডব্লিউএইচওর নতুন ফ্রেমওয়ার্ক

চেনা মুখ ও কণ্ঠেই আসছে ভয়ংকর এআই ফাঁদ : ইন্টারপোলের সতর্কবার্তা

জলাবদ্ধতা কাটিয়ে ৫০ বছর পর তিস্তাপাড়ে ফিরল আমন চাষ

আলোচনায় কটেজ চিজ: পুষ্টিগুণে আসলেই কি সুপারফুড?

ভয়াবহ দাবানল-বন্যার পরও স্পেনের নির্বাচনে উপেক্ষিত জলবায়ু সংকট

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা, ইতিহাসে প্রথমবার পিছিয়ে গেল থ্যাংকসগিভিং প্যারেড

নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

জেনে নিন জলবায়ু ঝুঁকি থেকে শহরকে বাঁচাতে প্রকৃতিভিত্তিক সমাধানের কৌশল

ঝিনাইদহে থেমে থাকা ড্রাম ট্রাকে মাহিন্দ্রের ধাক্কা, নিহত ১

ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের ভয়াবহ সংক্রমণ, ৪৫ জনের মৃত্যু