
জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, গ্রামীণ জীবনমান উন্নয়ন এবং টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার করেছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)। এর অংশ হিসেবে যৌথভাবে ৩ হাজার ৯৫২ কোটি ৮০ লাখ টাকার (৩২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার) দুটি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক অংশীদারদের মাধ্যমে পরিচালিত এই বিনিয়োগের লক্ষ্য হলো গ্রামীণ অবকাঠামো ও জলবায়ু তথ্য ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অর্থায়ন, দক্ষতা, বাজার সুবিধা এবং পুষ্টিকর খাদ্যে প্রবেশাধিকার বাড়িয়ে দেশের প্রায় ২৫ লাখ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো।
সম্প্রতি ইফাদ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেনমার্ক সরকারের অংশীদারত্বে প্রায় ১ হাজার ৩৬৬ কোটি ৪০ লাখ টাকার (১১ কোটি ২০ লাখ ডলার) ‘ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড লাইভলিহুড এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ (ক্রালেপ) এবং প্রায় ২ হাজার ৫৮৬ কোটি ৪০ লাখ টাকার (২১ কোটি ২০ লাখ ডলার) ‘গ্রোথ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড নিউট্রিশন’ (গ্রিন) প্রকল্প চালুর মাধ্যমে এই অংশীদারত্ব দুটি নতুন মাইলফলক স্পর্শ করেছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উইং চিফ মোসলেমা নাজনীন বলেন, ‘প্রায় ৫০ বছর ধরে ইফাদের সঙ্গে বাংলাদেশের এই অংশীদারত্ব অর্থায়ন, উদ্ভাবন ও কারিগরি সহায়তার মাধ্যমে বিকশিত হয়েছে। নতুন এই বিনিয়োগ দুটি গ্রামীণ উন্নয়নের দুটি পারস্পরিক সম্পর্কযুক্ত অগ্রাধিকারকে গুরুত্ব দিয়েছে—একদিকে জলবায়ু অভিঘাত সহনশীল অবকাঠামো নির্মাণ, অন্যদিকে নিরাপদ জীবিকা গড়ে তুলতে অর্থায়ন, দক্ষতা ও বাজারের সুযোগ সৃষ্টি।’
প্রকল্প দুটি দেশের দুটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়িত হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করবে ‘ক্রালেপ’ প্রকল্পটি, যা মূলত বন্যাপ্রবণ হাওর এবং খরাপ্রবণ উচ্চ বরেন্দ্র অঞ্চলে কাজ করবে। অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বাস্তবায়ন করবে ‘গ্রিন’ প্রকল্পটি, যা হাওর, উপকূলীয় অঞ্চল, উচ্চ বরেন্দ্র এবং নদীমাতৃক চরাঞ্চলে পরিচালিত হবে।
বাংলাদেশে ইফাদের কান্ট্রি ডিরেক্টর ও প্রতিনিধি ভ্যালেন্টাইন আচানচো বলেন, ‘পরিবর্তনশীল জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে গ্রামীণ জনগোষ্ঠীর সমৃদ্ধি অর্জনে সহায়তার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এই দুটি প্রকল্প। উভয়ই সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে নারী, তরুণ এবং গ্রামীণ পরিবারগুলোর জীবিকার ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে নকশা করা হয়েছে।’
ছয় বছর মেয়াদি ‘ক্রালেপ’ প্রকল্পের আওতায় দেশের ৩৩টি উপজেলার ১৪ লাখ ৫০ হাজার মানুষকে সেবার আওতায় আনা হবে। এর মাধ্যমে গ্রামীণ সড়ক, হাটবাজার ও নৌকা ঘাটের উন্নয়নের পাশাপাশি হাওরাঞ্চলে উঁচু আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং নদীভাঙন রোধে প্রকৃতিভিত্তিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। এ ছাড়া আকস্মিক বন্যা ও খরার আগাম পূর্বাভাস প্রদান, তরুণদের প্রশিক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এই প্রকল্পে ইফাদ ৮৫৪ কোটি টাকা (৭ কোটি ডলার), ডেনমার্ক সরকার ১২২ কোটি টাকা (১ কোটি ডলার) এবং বাংলাদেশ সরকার প্রায় ৩৮৭ কোটি ৩৫ লাখ টাকা (প্রায় ৩ কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলার) অর্থায়ন করবে।
বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন বলেন, ‘জলবায়ু সহনশীলতার সঙ্গে জীবিকার মানোন্নয়নের সমন্বয় ঘটানো অত্যন্ত সময়োপযোগী। আশা করি, এটি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমিয়ে জনগোষ্ঠীর সহনশীলতা বাড়াতে সহায়ক হবে।’
অন্যদিকে, ছয় বছর মেয়াদি ‘গ্রিন’ প্রকল্পের মাধ্যমে ২ লাখ ৫০ হাজারের বেশি গ্রামীণ পরিবারকে সহায়তা দেওয়া হবে। আর্থিক সহায়তা, সবুজ প্রযুক্তি এবং বাজার সংযোগের মাধ্যমে ক্ষুদ্র উৎপাদক ও গ্রামীণ উদ্যোক্তাদের আয় বাড়ানোর পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন ও ফসল সংগ্রহ-পরবর্তী ক্ষতি কমাতে এটি কাজ করবে। এতে ইফাদের নিজস্ব অর্থায়ন রয়েছে প্রায় ৬২৭ কোটি ৮ লাখ টাকা (৫ কোটি ১৪ লাখ ডলার)।
প্রসঙ্গত, ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ ও ইফাদ একসঙ্গে কাজ করছে। এ পর্যন্ত ৩৯টি প্রকল্পে প্রায় ৫৯ হাজার ৭৮০ কোটি টাকা (প্রায় ৪৯০ কোটি মার্কিন ডলার) বিনিয়োগের মাধ্যমে দেশের ১ কোটি ১৭ লাখ গ্রামীণ পরিবার উপকৃত হয়েছে। ক্রালেপ ও গ্রিন প্রকল্প সেই ধারাবাহিক সাফল্যের ভিত্তিতেই গ্রামীণ অর্থায়ন ও জলবায়ু অভিযোজনকে আরও গতিশীল করবে।