
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। সম্মেলনের সম্ভাব্য চূড়ান্ত ঘোষণার প্রথম খসড়া প্রকাশ করেছে সভাপতিত্বকারী পক্ষ। এতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে দ্রুত সরে আসা, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা এবং জলবায়ু অভিযোজনের অর্থায়ন বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে। তবে খসড়ার বেশ কিছু বিষয়ে এখনো দেশগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত ১৮ পৃষ্ঠার এই খসড়ায় ১৪৪টি পৃথক প্রস্তাব ও বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্মেলনের আলোচনা শেষ হতে চার দিনের বেশি সময় বাকি থাকতেই খসড়াটি প্রকাশ করায় অনেক দেশ বিস্ময় প্রকাশ করেছে। তবে আলোচনার সভাপতি ও অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েনের মতে, দেশগুলোর মধ্যে কোন কোন বিষয়ে সমর্থন রয়েছে এবং কোথায় মতবিরোধ রয়েছে, তা স্পষ্ট করতেই আগেভাগে খসড়াটি প্রকাশ করা হয়েছে।
আলোচনার শুরুতেই খসড়ায় সব পক্ষের মতামত অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। ফলে এতে এমন কিছু প্রস্তাবও রয়েছে, যেগুলোর সঙ্গে অনেক দেশ একমত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আগামী কয়েক দিনে আলোচনার মাধ্যমে এসব বিষয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হবে।
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের প্রস্তাব ঘিরে বিতর্ক
খসড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিতর্কিত প্রস্তাবগুলোর একটি হলো জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসা। এতে জ্বালানি ব্যবস্থায় অবিলম্বে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে উত্তরণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে দেশগুলো সম্মত হয়েছিল। তবে সেই প্রতিশ্রুতিতে নির্দিষ্ট সময়সীমা কিংবা বাস্তবায়নের কর্মপরিকল্পনা ছিল না। এবারের খসড়ায় বিষয়টি আরও স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
তবে তেল উৎপাদনকারী দেশগুলো এই প্রস্তাবের বিরোধিতা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমানোর সিদ্ধান্ত তাদের অর্থনীতি ও জ্বালানি রপ্তানিতে প্রভাব ফেলতে পারে।
খসড়ায় আরও বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে আসার লক্ষ্য নির্ধারণে দেশগুলোর ভূমিকা রাখা প্রয়োজন। আয়োজক দেশ তুরস্কের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
জলবায়ু অভিযোজনের অর্থায়ন বাড়ানোর প্রস্তাব
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ ও দরিদ্র দেশগুলোর জন্য অর্থায়ন বাড়ানোর বিষয়টিও খসড়ায় গুরুত্ব পেয়েছে। বিশেষ করে চরম আবহাওয়াজনিত দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অভিযোজন তহবিল বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
এর আগে দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবারের খসড়ায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি আরও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
তবে উন্নয়নশীল দেশগুলোর অভিযোগ, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি মোকাবিলা করতে হলেও প্রয়োজনীয় অর্থায়ন তারা পাচ্ছে না। নতুন করে অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রেও উন্নত দেশগুলোর অনীহা রয়েছে।
দক্ষিণ আফ্রিকার পরিবেশ ও সামাজিক ন্যায়বিচারবিষয়ক সংগঠন গ্রাউন্ডওয়ার্কের প্রতিনিধি সিপেসিহলে মভুন্দলা বলেন, জলবায়ু অর্থায়ন ছাড়া জলবায়ু কর্মপরিকল্পনা কোনো কাজে আসবে না। তাঁর দাবি, জলবায়ু অর্থায়নে যে অর্থ গ্লোবাল সাউথের দেশগুলো পায়, তার তুলনায় ঋণ পরিশোধে তাদের ব্যয় ২২৫ গুণ বেশি।
কার্বন অপসারণ নিয়েও মতবিরোধ
খসড়ায় কার্বন ডাই-অক্সাইড অপসারণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে পরিবেশকর্মীদের একাংশ একে কার্যকর সমাধানের পরিবর্তে ভ্রান্ত সমাধান হিসেবে দেখছেন। তাঁদের আশঙ্কা, কার্বন অপসারণ প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর মূল উদ্যোগকে পিছিয়ে দিতে পারে।
অন্যদিকে, জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী কয়েকটি দেশ কার্বন অপসারণের বিষয়টি অন্তর্ভুক্ত না হলে চূড়ান্ত খসড়ায় সম্মত নাও হতে পারে। ফলে বিষয়টি আলোচনায় নতুন জটিলতা তৈরি করেছে।
এ বিষয়ে আলোচনার সভাপতি ক্রিস বোয়েন বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু জীবাশ্ম জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর দায় দেখলে চলবে না। আমদানিকারক দেশগুলোরও দায়িত্ব রয়েছে। তাঁর মতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব দেশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তবে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় কয়লা উৎপাদনকারী দেশ হলেও জীবাশ্ম জ্বালানি রপ্তানি বন্ধে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে রাজি হননি বোয়েন। তিনি জানিয়েছেন, বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমলে অস্ট্রেলিয়ার রপ্তানিতেও প্রভাব পড়বে এবং সে পরিবর্তনের জন্য দেশটি নিজেদের অর্থনীতিকে প্রস্তুত করছে।
চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা
খসড়াটি প্রকাশের সিদ্ধান্তকে আলোচনার জন্য একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন জলবায়ুবিষয়ক থিংকট্যাংক ইথ্রি-জি (E3G)-এর জ্যেষ্ঠ সহযোগী অ্যালডেন মেয়ার। তাঁর মতে, খসড়াটি আগে প্রকাশ করায় অনেক বিতর্কিত প্রস্তাব আলোচনার সুযোগ তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত কোন প্রস্তাবগুলো চূড়ান্ত সিদ্ধান্তে জায়গা পাবে, সেটিই এখন বড় প্রশ্ন।
অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন জানিয়েছেন, আগামী দিনগুলোতে যেসব বিষয়ে দেশগুলোর মধ্যে সমঝোতা সম্ভব, সেগুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে। শুধু যেসব বিষয়ে আগে থেকেই ব্যাপক ঐকমত্য রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করলে চূড়ান্ত নথি খুবই সীমিত হয়ে পড়বে বলেও তিনি মনে করেন।
উল্লেখ্য, কপ-৩১ সম্মেলন আগামী ২০ নভেম্বর শেষ হওয়ার কথা। তবে প্রায় ২০০টি দেশের সম্মতিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, জলবায়ু অর্থায়ন বৃদ্ধি এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শেষ পর্যন্ত কতটা সমঝোতা হয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এবারের সম্মেলনের সাফল্য শুধু নতুন প্রতিশ্রুতি ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ওপর নির্ভর করছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থায়ন ও অভিযোজনের প্রয়োজন মেটাতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।