ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সুপার এল নিনোর প্রভাবে বদলে যাচ্ছে সামুদ্রিক প্রাণীদের আবাসস্থল

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
১৫ নভেম্বর ২০২৬, ২:০০ বিকাল

Link Copied!

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মধ্য উপকূলীয় অঞ্চলে দ্রুত বাড়ছে সমুদ্রের পানির তাপমাত্রা। এর প্রভাবে বদলে যাচ্ছে সামুদ্রিক প্রাণীদের আবাসস্থল, কমে যাচ্ছে খাদ্যের জোগান এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাস্তুতন্ত্র। বিশেষ করে মনটেরি উপসাগরে (Monterey Bay) কেল্প বন, সামুদ্রিক পাখি ও বিভিন্ন মাছের প্রজাতি বড় ধরনের ঝুঁকিতে পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর ১৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, এল নিনোর প্রভাবে ক্যালিফোর্নিয়ার মধ্য উপকূলের সমুদ্রের গভীর স্তরেও অস্বাভাবিক উষ্ণতা দেখা যাচ্ছে। এতে সমুদ্রের খাদ্যশৃঙ্খলের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে, যার প্রভাব পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ, পাখি ও সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর ওপর।

সমুদ্রের তাপমাত্রায় অস্বাভাবিক বৃদ্ধি

মনটেরি বে অ্যাকুয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউটের (এমবিএআরআই) বিজ্ঞানীরা সমুদ্রের তাপমাত্রা পর্যবেক্ষণে বিশেষ বয়া ও সেন্সর ব্যবহার করছেন। তাঁদের তথ্য অনুযায়ী, সমুদ্রের থার্মোক্লাইন স্তরে-যেখানে ওপরের উষ্ণ পানি ও গভীরের ঠান্ডা পানির মধ্যে তাপমাত্রার পরিবর্তন ঘটে-তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

গবেষকদের পর্যবেক্ষণে, গত ২৬ অক্টোবর সমুদ্রের প্রায় ৬০ মিটার গভীরে তাপমাত্রা ১৮ দশমিক ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। প্রায় ৪০ বছরের পর্যবেক্ষণ ইতিহাসে এই তাপমাত্রা সর্বোচ্চ। এর আগে ১৯৯৭ সালের ১৯ নভেম্বরের এল নিনোর সময়ও এমন তাপমাত্রা রেকর্ড করা হয়নি।

তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি পানিতে পুষ্টি উপাদানের পরিমাণও কমছে। বিশেষ করে সামুদ্রিক খাদ্যশৃঙ্খলের গুরুত্বপূর্ণ ভিত্তি ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গবেষকদের হিসাবে, এর জৈবভর আগের তুলনায় প্রায় এক দশমাংশে নেমে এসেছে।

বিপর্যয়ের মুখে কেল্প বন ও সামুদ্রিক প্রাণী

ক্যালিফোর্নিয়ার উপকূলীয় সামুদ্রিক পরিবেশে কেল্প বন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রের নিচে বিস্তৃত এই শৈবালজাতীয় উদ্ভিদ অসংখ্য সামুদ্রিক প্রাণীর আশ্রয় ও খাদ্যের উৎস হিসেবে কাজ করে। কিন্তু উষ্ণ পানি, পুষ্টির ঘাটতি ও শক্তিশালী ঢেউয়ের কারণে এসব বন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গবেষকদের মতে, কেল্প বন হারিয়ে গেলে সেখানে বসবাসকারী প্রায় ৪০ শতাংশ প্রজাতি আবাসস্থল হারানোর ঝুঁকিতে পড়তে পারে। কেল্প কমে গেলে সামুদ্রিক আর্চিন বা সি আর্চিনের মতো প্রাণী নতুন করে গজানো কেল্প খেয়ে ফেলে। ফলে বন পুনরুদ্ধার আরও কঠিন হয়ে পড়ে এবং বাস্তুতন্ত্রের ক্ষতি দীর্ঘস্থায়ী হতে পারে।

এদিকে, উষ্ণ পানির কারণে মাছগুলো গভীর সমুদ্রে চলে যাচ্ছে। এতে খাবারের সংকটে পড়ছে সামুদ্রিক পাখি। গত কয়েক মাসে সান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত উপকূলীয় এলাকায় শত শত মৃত বা দুর্বল সামুদ্রিক পাখি ভেসে আসার খবর পাওয়া গেছে। ব্রাউন পেলিক্যান, ব্র্যান্ডটস করমোর‍্যান্ট ও কমন মারেসহ বিভিন্ন প্রজাতি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গবেষকদের আশঙ্কা, শীতজুড়ে সমুদ্রের তাপমাত্রা বেশি থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে সামুদ্রিক প্রাণীদের ওপর এর পূর্ণ প্রভাব আগামী বসন্তের আগে নিরূপণ করা কঠিন।

উপকূলীয় পাখির আবাসস্থলও সংকুচিত হচ্ছে

এল নিনোর প্রভাবে শুধু সমুদ্রের নিচের পরিবেশ নয়, উপকূলীয় এলাকার জীববৈচিত্র্যও হুমকিতে পড়েছে। কেল্প সমুদ্র থেকে তীরে ভেসে এলে এর সঙ্গে থাকা ছোট অমেরুদণ্ডী প্রাণী ও পোকামাকড় উপকূলীয় পাখিদের খাদ্য সরবরাহ করে। কিন্তু কেল্প কমে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং শক্তিশালী ঢেউয়ের কারণে এই খাদ্যচক্র ব্যাহত হচ্ছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে ‘কোস্টাল স্কুইজ’ বা উপকূলীয় আবাসস্থল সংকুচিত হওয়ার সমস্যা। সমুদ্রের পানি থেকে স্থলভাগ রক্ষায় বিভিন্ন এলাকায় সমুদ্রপ্রাচীর ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে। ফলে জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে বালুকাময় সৈকত ও পাখিদের আবাসস্থল সংকুচিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, কেল্প বন কমে যাওয়া, খাদ্যের সংকট ও উপকূলীয় আবাসস্থল হারানোর সম্মিলিত প্রভাবে ক্যালিফোর্নিয়ার সামুদ্রিক পাখির সংখ্যা আরও কমে যেতে পারে।

পুনরুদ্ধারে চলছে গবেষণা

পরিস্থিতি মোকাবিলায় ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা কেল্প বন পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন। গবেষণাগারে কেল্পের স্পোর থেকে নতুন উদ্ভিদ তৈরি করে ধাপে ধাপে সেগুলো সমুদ্রের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হচ্ছে। পরে দড়ি ও বিশেষ কাঠামোর মাধ্যমে সেগুলো সমুদ্রে স্থাপন করা হচ্ছে।

তবে সমুদ্রের পানি অতিরিক্ত উষ্ণ হয়ে ওঠায় গবেষণাগারের ট্যাংকেও কেল্পের চাষ কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে জোয়ারের পানি বাড়তে থাকায় উপকূলের কাছাকাছি থাকা গবেষণা সরঞ্জাম আরও ভেতরের দিকে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন গবেষকেরা।

এরপরও কিছু উদ্যোগে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। গবেষকদের তথ্য অনুযায়ী, একটি পুনরুদ্ধার প্রকল্পের এলাকায় গত বছর নিয়ন্ত্রণ এলাকার তুলনায় কেল্পের আচ্ছাদন ৭০০ শতাংশের বেশি বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আগের এল নিনো ও সামুদ্রিক তাপপ্রবাহের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে চলমান উষ্ণতা কত দিন স্থায়ী হবে এবং সামুদ্রিক প্রাণীদের ওপর এর চূড়ান্ত প্রভাব কী হবে, তা এখনো নিশ্চিত নয়।

Facebook Comments Box

আরও পড়ুন

কপ-৩১-এ ৩০ মিলিয়ন ডলারের জলবায়ু তহবিল পাচ্ছে বাংলাদেশ

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশমন্ত্রীর

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ দিবস উপলক্ষে এসআরএসপির আলোচনা সভা

Those Responsible for the Climate Crisis Must Also Take Responsibility for Its Financing

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

জ্বালানি খাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিতের দাবি

vivo V80: Premium Experience, Easier Upgrade

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

Sustainable Financing for Hypertension Control Urged

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান

কিরগিজস্তানে মাফিয়া ডনের রিসোর্ট কিনেছে বিতর্কিত এনজিও

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশের ‘কালো ফিঙে’