ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কপ-৩১-এ ৩০ মিলিয়ন ডলারের জলবায়ু তহবিল পাচ্ছে বাংলাদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ৫:২০ বিকাল

Link Copied!

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) নতুন ARISE কর্মসূচির আওতায় ৩০ মিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এ অর্থ উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবেশবান্ধব কৃষি, অবকাঠামো উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষায় কাজে লাগানোর আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে ড. সাইমুম পারভেজ জলবায়ু অর্থায়নের বিভিন্ন কারিগরি ও নীতিগত দিক তুলে ধরেন। তিনি অনুদানভিত্তিক অর্থায়ন, সহজ শর্তের ঋণ, ব্লেন্ডেড ফাইন্যান্স, অভিযোজন তহবিল এবং লস অ্যান্ড ড্যামেজ অর্থায়নের প্রক্রিয়া ব্যাখ্যা করেন। পাশাপাশি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশের জাতীয় কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক প্রণয়নের কাজ এগিয়ে চলছে। আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত ও কারিগরি প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের জলবায়ু কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে বক্তব্য দেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং উন্নয়ন সহযোগী ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অভিন্ন ও শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারের জলবায়ুবিষয়ক অগ্রাধিকার, সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জলবায়ু ঝুঁকি মোকাবিলা, পরিবেশবান্ধব উন্নয়ন, টেকসই অর্থনীতি এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে সরকারের প্রতিশ্রুতির কথা জানান। এ সময় বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত দেশীয় পরিবেশবান্ধব পণ্যের প্রতি আন্তর্জাতিক প্রতিনিধিদের আগ্রহের বিষয়টিও আলোচনায় আসে।

প্রশ্নোত্তর পর্বে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলোর কাছ থেকে অনুদান আদায়, ঘোষিত অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া, কার্বন ক্রেডিট বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান নিয়ে আলোচনা হয়।

ড. সাইমুম পারভেজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কেবল জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী দেশ হিসেবে নয়, বরং সক্ষম, উদ্ভাবনী ও জলবায়ু-সহনশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিতে চায়। জলবায়ু ন্যায়বিচার, কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রতিশ্রুত অর্থায়নের বাস্তবায়ন বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের ধন্যবাদ জানানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন