
চলতি নভেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে ৮৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৪ টাকা ৩২ পয়সা হিসাবে) এর পরিমাণ প্রায় ১০ হাজার ৮৫৬ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৭ শতাংশ।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাস সাত দিনে (১ জুলাই থেকে ৭ নভেম্বর) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৮৬ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম সাত দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৮ কোটি ৭৩ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার।
অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার। আর দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ১০ হাজার ডলার।