
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ে অবৈধভাবে নদীতীরবর্তী জায়গা ভরাটের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন ঘাটুরা মৌজায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। এ সময় সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে তিতাস নদীর তীরবর্তী জমি ভরাট করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় একটি মামলায় আজিজুর রহমান লিটনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের সময় আজিজুর রহমান লিটন উপস্থিত না থাকলেও তার প্রতিনিধি মো. জাফর ইমাম উপস্থিত ছিলেন। তার কাছ থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান চলাকালে ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয় এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, মেড্ডা শ্মশানঘাট এলাকায় তিতাস নদীর তীরবর্তী ভূমি অবৈধভাবে ভরাটের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আজিজুর রহমান লিটনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় তিনি উপস্থিত না থাকায় তার প্রতিনিধি জরিমানার অর্থ পরিশোধ করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী দখল, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।