
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যার পানিতে নৌকাডুবির ঘটনায় হাসনাতুল জান্নাত ঝর্ণা (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার দুই বোন সাওরিন মনি ও জেরিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে তিন বোন নৌকায় পারাপারের সময় প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে তারা পানিতে ভেসে নিখোঁজ হয়। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল অভিযানে যোগ দেয়। দীর্ঘ সময়ের চেষ্টার পর বিকেলে হাসনাতুল জান্নাত ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এলাকায় তীব্র জলাবদ্ধতা ও স্রোতের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে নৌকায় পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বন্যার পানিতে ভেসে গিয়ে তিন বোন নিখোঁজ হয়েছিল। তাদের মধ্যে ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য দুই বোনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন।
চকরিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাজমুল হোসেন জানান, নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল অভিযানে অংশ নেয়। তাদের সহায়তায় ঝর্ণার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। এর আগে স্থানীয়দের সহযোগিতায় ঝর্ণার মা-বাবা অন্য দুই শিশুকে জীবিত উদ্ধার করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব সফওয়ানুল করিমও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় বন্যার পানিতে ভেসে গিয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণার মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।