
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সর্বশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।