
প্রাণিবৈচিত্র্য সমৃদ্ধ করা এবং দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ সৃষ্টি করার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা থেকে দুইটি কমন ইল্যান্ড ও দুইটি ওয়াইল্ডিবিস্ট আনা হয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণীগুলো আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রাণী সংযোজন সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।

তিনি আরও বলেন, নতুন এসব প্রাণী যুক্ত হওয়ায় দর্শনার্থীরা ভিন্ন অভিজ্ঞতা পাবেন এবং দেশের প্রাণিবৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী হবে।
প্রতিমন্ত্রী চিড়িয়াখানা কর্তৃপক্ষকে পরিচ্ছন্ন, আধুনিক ও দর্শনার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, ডা: মো: হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কমন ইল্যান্ড আফ্রিকার বৃহত্তম অ্যান্টিলোপ প্রজাতির একটি এবং ওয়াইল্ডিবিস্ট আফ্রিকার তৃণভূমির অন্যতম পরিচিত বন্যপ্রাণী। এসব প্রাণী সংযোজন চিড়িয়াখানার সংগ্রহকে আরও সমৃদ্ধ করবে এবং দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ সৃষ্টি করবে।