
ইতালির দক্ষিণাঞ্চলের কালাব্রিয়া উপকূলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গভীর রাতে অনুভূত এই ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২ জুন) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কালাব্রিয়া অঞ্চলের কোসেনজা শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৪৭ কিলোমিটার গভীরে।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি সোমবার (১ জুন) গভীর রাতে আঘাত হানে। অন্যদিকে ফক্স ওয়েদার জানিয়েছে, দক্ষিণ ইতালির বিভিন্ন এলাকার বাসিন্দারা মঙ্গলবার ভোরের দিকে কম্পন অনুভব করেন।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১২টা ১২ মিনিটে সারাসেনা শহরের প্রায় ১০ মাইল দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় এর প্রভাব বিস্তৃত এলাকায় অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম ছিল।
মডিফায়েড মারকেলি ইনটেনসিটি স্কেলে ভূমিকম্পটির প্রাথমিক তীব্রতা ছিল ৪ মাত্রার, যা তুলনামূলকভাবে হালকা কম্পন হিসেবে বিবেচিত হয়। তবে ঘরের ভেতরে থাকা অনেক মানুষ এই কম্পন অনুভব করেছেন। অনেকের ঘুম ভেঙে যায় এবং বিভিন্ন স্থানে দরজা-জানালা ও থালা-বাসন কেঁপে ওঠার খবর পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ধরনের ভূমিকম্পে পার্ক করে রাখা যানবাহন দুলতে পারে এবং দেয়াল থেকে খটখট শব্দ শোনা যেতে পারে। তবে খোলা স্থানে থাকা অনেক মানুষ কম্পন অনুভব নাও করতে পারেন।
এদিকে ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
সূত্র: আনাদোলু, ইউএসজিএস, ফক্স ওয়েদার