
বর্ষার প্রথম মাস জুনে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২ জুন) জুন মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতরের পরিচালক ও আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, জুন মাসের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এ মাসে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, জুন মাসে দেশে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
এদিকে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি সমতল সময়বিশেষে বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা শুরু হলেও বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকায় দেশের বিভিন্ন এলাকায় গরমের অনুভূতি বেশি থাকতে পারে। তাই তাপপ্রবাহের সময় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।