
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংশি প্রদেশের লিউঝৌ শহরের কাছে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৮ মে) ভোরে অনুভূত এই ভূমিকম্পে এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আহত হয়েছেন আরও অন্তত চারজন।
ভূমিকম্পের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নিরাপত্তার স্বার্থে সাত হাজারের বেশি মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য আফটারশক ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়ার বরাতে জানা গেছে, ভূমিকম্পে অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ভূমিকম্পের কারণে রেলপথ ও অন্যান্য পরিবহন অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাময়িকভাবে কিছু আঞ্চলিক পরিবহন সেবায় বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
তবে স্বস্তির খবর হলো, বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিযোগাযোগসহ জরুরি সেবাগুলো এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।