
আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও গত দুই দিন রাজধানীতে বৃষ্টির দেখা মেলেনি। তবে আজ ভোর থেকেই ঢাকার আকাশ আবারও মেঘে ঢেকে গেছে। এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।
গত শুক্রবার (৮ মে) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।