নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় ধনু নদের ফেরিঘাট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোতালিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন মৎস্য শিকারি ছিলেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের সঙ্গে থাকা মুজিবুর রহমান জানান, আব্দুল মোতালিবসহ তিনজন ভোরে ঈশ্বরগঞ্জ থেকে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেন। পথে মদন উপজেলার উচিতপুরে ফজরের নামাজ আদায় করেন তারা। পরে সকালে খালিয়াজুরীর জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় পৌঁছে ধনু নদে বরশি ফেলে মাছ ধরতে শুরু করেন।
তিনি আরও জানান, সকাল ৯টার দিকে হঠাৎ করে প্রবল বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দের সঙ্গে বজ্রাঘাতে আব্দুল মোতালিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। তারা খালিয়াজুরীর উদ্দেশে রওনা হয়েছেন।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


