
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বাল্কহেডে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় মহাজন উত্তর পাড়া সংলগ্ন নবগঙ্গা নদীর মুখে অভিযান চালিয়ে বাল্কহেডে বালু ভরার সময় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মূলহোতা মো. নাজির খান (৫৭)-কে জরিমানা করেন।
অভিযুক্ত নাজির খান নড়াইল জেলার কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রতন খানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় নাজির খানকে দোষী সাব্যস্ত করে জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার শর্তে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন ও নদীভাঙন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।