ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

নওগাঁয় ১ কোটি ৬০ লাখ টাকায় দুই খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৮, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ । ২১ জন

নওগাঁ সদর উপজেলায় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দুইটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে হাসাইগাড়ী ইউনিয়নের হামরার বিলে ফলক উন্মোচনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। পরে তিনি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সংশ্লিষ্টরা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে হাসাইগাড়ী ইউনিয়নের হামরার বিল থেকে কৃষ্ণপুর পর্যন্ত ২,০৪০ মিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে ৯০ লাখ টাকা। এছাড়া বক্তারপুর ইউনিয়নের শ্যামপুর থেকে হরিপুর হয়ে কালুপাড়া বিল পর্যন্ত ১,২০০ মিটার খাল খননে ব্যয় হচ্ছে ৭০ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, খাল খননের মাধ্যমে একসময় কৃষি উৎপাদন ও জল ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এসেছিল। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আবারও কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, প্রকল্পটি সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং শুষ্ক মৌসুমে কৃষকরা সেচ সুবিধা পাবেন। পাশাপাশি ফসল উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন ও খালের পাড়ে ফলজ ও সবজি চাষের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।