নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে একটি তেলবাহী গাড়িসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিন উদ্দিন।
আটকরা হলেন— ব্রহ্মপুর গ্রামের মো. রাশেদ (৩৮), চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) এবং মো. মাকসুদ (৩২)। তারা সবাই সুধারাম থানা এলাকার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট এলাকার ‘আবদুল মালেক অয়েল স্টোরে’ অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করা হয়েছে বলে তথ্য পাওয়া যায়।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় একটি লাল রঙের তেলবাহী ভাউচার গাড়িও জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের পরিমাণ প্রায় ১৪০০ লিটার।
পুলিশ জানায়, অধিক মুনাফার আশায় অবৈধভাবে এসব ডিজেল মজুদ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নোয়াখালী ডিবি পুলিশের ওসি মো. মহিন উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”


