
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফসলের ক্ষতির অজুহাতে বাবুই পাখির বাসা ভাঙার ঘটনায় এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্টের বাজার ভুবনেশ্বরী মাতৃ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাচা মিয়া (৪৮) নামের ওই ব্যক্তি রাস্তার ধারের একটি তালগাছে ঝুলে থাকা প্রায় ২৭টি বাবুই পাখির বাসা বাঁশ দিয়ে ভেঙে দেন। এতে বাসায় থাকা প্রায় ৫০–৬০টি বাবুই ছানা মারা যায়।
খবর পেয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়।
অভিযুক্ত বাচা মিয়ার দাবি, বাবুই পাখি তার ফসলের ক্ষতি করছিল বলেই তিনি বাসাগুলো ভেঙে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের অপরাধের শাস্তির বিধান রয়েছে।
তিনি জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় অভিযুক্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।