জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বৈঠকে পরিবেশমন্ত্রী বাংলাদেশের বন সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় চলমান কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বায়ু দূষণ রোধে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দুই দেশের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি বন সংরক্ষণ এবং বন্যপ্রাণী পাচার প্রতিরোধে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির কথাও উল্লেখ করেন।
বৈঠকে উভয় পক্ষ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ অর্থনীতি গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
এ সময় মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর উপস্থিত ছিলেন।


