ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬

আবারও ভূমিকম্পে কাঁপলো সিলেট সীমান্ত অঞ্চল

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ । ২৬ জন

সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটে এই কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (European-Mediterranean Seismological Centre) জানিয়েছে, ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাব বাংলাদেশে সিলেটসহ সীমান্তবর্তী অঞ্চলে অনুভূত হয়।

এর আগে গত ৭ এপ্রিল একই এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল, যা সেদিনও সিলেট ও আশপাশের এলাকায় অনুভূত হয়।

সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হচ্ছে। গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে সারাদেশে ১০ জনের মৃত্যু এবং কয়েকশ’ মানুষ আহত হন।