মালয়েশিয়া থেকে ২৬ হাজার মেট্রিক টন পরিশোধিত অকটেন ও ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা মঙ্গলবার (৭ এপ্রিল) জানান, ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ ২৬ হাজার মেট্রিক টন অকটেন এবং ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজ ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে বন্দরের বহির্নোঙরে নোঙর করবে। পরে সেখান থেকে খালাস কার্যক্রম শুরু করা হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে জাহাজগুলো বন্দরে আসছে।
তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে ৩১ মার্চ পর্যন্ত বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে মোট ৩৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এছাড়া চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই আরও ৬টি জাহাজ বন্দরে নোঙর করেছে।


