ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  • অন্যান্য

জ্বালানি খাতে সাঁড়াশি অভিযান: একদিনে ৮৭ হাজার লিটার তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ । ২২ জন

দেশজুড়ে জ্বালানি খাতে অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের জোরালো অভিযানে গত একদিনে ৩৯১টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে অবৈধভাবে মজুদ করা মোট ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, অভিযানে জ্বালানি খাতে অনিয়মের দায়ে ১৯১টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে তিন জেলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা অনুযায়ী সাজাপ্রাপ্তদের মধ্যে সাতক্ষীরা জেলায় একজনকে দুই মাসের, চাঁদপুর জেলায় একজনকে এক বছরের এবং গাজীপুর জেলায় একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে রয়েছে—ডিজেল ৬৭ হাজার ৪০০ লিটার, অকটেন ৬ হাজার ৪৪৪ লিটার এবং পেট্রোল ১৩ হাজার ৮৫৬ লিটার।

মন্ত্রণালয় আরও জানায়, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এসব অভিযান অব্যাহত থাকবে।