ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সমির বিশ্বাস (৪০), তিনি সুশিল বিশ্বাসের ছেলে, এবং অপু বিশ্বাস (২২), তিনি প্রকাশ বিশ্বাসের ছেলে। উভয়েই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময় পাশের জমিতে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন কৃষিকাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সমির ও অপুকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে দুইজন মারা যান। অন্য আহতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


