দেশের অন্তত ১৫টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে এবং এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশ এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৫৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


