ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  • অন্যান্য

আগামী সপ্তাহে ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘গোধূলি’

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১২, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ । ৩৩ জন

আগামী ১৩ থেকে ১৭ মার্চের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে গোধূলি বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অধিকাংশ বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে এই বৃষ্টি বলয়ের নামকরণ করা হয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক সংগঠন বিডব্লিউওটির পরিচালক ওমর খৈয়াম জানিয়েছেন, তাপমাত্রা বৃদ্ধি এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির কারণে বজ্রসহ বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় ঝড়বৃষ্টি হতে পারে।

সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তর–পূর্বাংশ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল। এই অঞ্চলে বৃষ্টি বলয় সক্রিয় থাকাকালে একাধিক দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগের অন্যান্য এলাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে পুরো সময়জুড়ে এক থেকে দুই দফা ঝড়বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, তবে কোথাও কোথাও এক দফা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

সামগ্রিকভাবে দেশের প্রায় ৪০–৫০ শতাংশ এলাকায় উল্লেখযোগ্য ঝড়বৃষ্টি দেখা যেতে পারে। অন্যদিকে বাকি এলাকায় বৃষ্টি বলয়ের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে এবং কিছু স্থানে দুই–এক দিন ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া পর্যবেক্ষকরা জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিকভাবেই পরিবর্তনশীল। তাই বৃষ্টি বলয়ের সক্রিয়তা কম-বেশি হতে পারে এবং সম্ভাব্য এলাকার সংখ্যাও পরিবর্তিত হতে পারে। পরিস্থিতি অনুযায়ী নতুন তথ্য সময় সময় জানানো হবে।