ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  • অন্যান্য

ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা, দীর্ঘ সময় মিলবে না রোদ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৫, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ । ২১ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ বৃহস্পতিবার (৫ মার্চ) অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। ফলে দিনের দীর্ঘ সময় সরাসরি রোদের দেখা নাও মিলতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ।

এর আগে বুধবার সকাল ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৭ মিনিটে।

এদিকে সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।