দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তনের আভাস দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনে আবহাওয়ায় হালকা বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ এবং দিনের ও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, আজ ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৪ মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৫ মার্চও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৬ মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
৭ মার্চও আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


