ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ । ৪০ জন

বিশ্বজুড়ে নগরায়ণ, শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে বায়ুদূষণ। এর তীব্র প্রভাব পড়ছে জনবহুল শহরগুলোতে। দীর্ঘদিন ধরে দূষণের কবলে থাকা রাজধানী ঢাকা আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir–এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী ঢাকার দূষণ স্কোর ছিল ২৯৮। এই মাত্রা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকির ইঙ্গিত দেয়।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির দূষণ স্কোর ২১১, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। সেখানে দূষণ স্কোর ১৮৬, যা অস্বাস্থ্যকর মাত্রায় অবস্থান করছে।

AQI সূচক অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের উচ্চমাত্রার দূষণ দীর্ঘ সময় স্থায়ী হলে শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুস ও হৃদরোগের ঝুঁকি বাড়ে। শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।

স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বাইরে গেলে মাস্ক ব্যবহার করা এবং ঘরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশবিদরা মনে করছেন, দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।