ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

শনিবার আকাশে বিরল ‘প্ল্যানেট প্যারেড’, এক সারিতে ছয় গ্রহ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ । ৮৫ জন

মহাকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার আকাশে দেখা যাবে ‘প্ল্যানেট প্যারেড’—যেখানে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন একই সারিতে অবস্থান করবে। জ্যোতির্বিদদের মতে, ২০৪০ সালের আগে এমন দৃশ্য আর দেখা যাবে না।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যাস্তের পরপরই পশ্চিম আকাশে গ্রহগুলোর শোভাযাত্রা শুরু হবে এবং প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট দৃশ্যমান থাকবে। এরপর একে একে দিগন্তের নিচে মিলিয়ে যাবে।

খালি চোখে শুক্র, বৃহস্পতি ও শনি গ্রহ স্পষ্ট দেখা যাবে। শনি থাকবে শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি অবস্থানে। তবে ইউরেনাস ও নেপচুন দেখতে দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে। পশ্চিম দিগন্তের খুব কাছে অবস্থান করায় বুধ গ্রহ দেখতে পরিষ্কার আকাশ দরকার হবে।

জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, যখন একাধিক গ্রহ আকাশের একটি সংকীর্ণ অংশে কাছাকাছি অবস্থান করে, তখন তাকে ‘প্ল্যানেট প্যারেড’ বলা হয়। যদিও পৃথিবী থেকে গ্রহগুলো এক সারিতে মনে হয়, বাস্তবে তারা কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করে।

উত্তর গোলার্ধের দেশগুলো থেকে এ দৃশ্য সবচেয়ে স্পষ্ট দেখা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।