নিউইয়র্ক সিটিতে তীব্র শীতের কারণে শহরে ১৮ জনের মৃত্যু হয়েছে। মেয়র জোহরান মামদানি এ তথ্য নিশ্চিত করেছেন। জানুয়ারির শেষের দিক থেকে শহরজুড়ে প্রচণ্ড ঠান্ডা বিরাজ করছে, যেখানে প্রায় ১৩ দিন ধরে তাপমাত্রা শূন্য সেলসিয়াস (৩২ ফারেনহাইট) রেকর্ড করা হয়েছে। গত ছয় দশকের মধ্যে নিউইয়র্কে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি।
মেয়র মামদানি বলেন, “আমাদের শহরের রাস্তায় আরও একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। প্রতিটি প্রাণহানি একটি ট্র্যাজেডি, এবং আমরা তাদের পরিবারের প্রতি সমব্যথী।” তিনি বাসিন্দাদের অনুরোধ করেছেন, নিরাপদ থাকুন, ঘরে থাকুন এবং একে অপরের খোঁজ রাখুন।
নিউইয়র্কে ১৯ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ১,৪০০ স্থান আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে, যেখানে অসহায় মানুষরা সাময়িক নিরাপদ আশ্রয় পাচ্ছেন। গত ২৭ জানুয়ারি মেয়র জানান, নিহতদের মধ্যে অন্তত ১০ জনকে বাড়ির বাইরে পাওয়া গেছে, বাকিদের মৃত্যুর কারণ জানা যায়নি।
মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বর্তমান পরিস্থিতি এখনও বিপজ্জনক। গত বছর একই সময়ে সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল।
নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা সতর্ক করেছে, পরবর্তী কয়েকদিনে তীব্র ঠান্ডা ও তুষারপাতের কারণে শহরজুড়ে গুরুতর নিরাপত্তা ঝুঁকি রয়েছে। নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।


