ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৫, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ । ১৫১ জন

দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের তীব্র কবলে রয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর তথ্যানুযায়ী, ২৯৯ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। এ মাত্রার বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে ২৫৫ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এছাড়া ১৯১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের হাংজু, ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং ১৭৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ু ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করার এবং অন্যদের বাইরে চলাচল ও শারীরিক কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে একিউআই স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীন নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও শিল্পবর্জ্যের কারণে ঢাকার বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।