ভারতের উত্তর প্রদেশে বুধবার (২১ জানুয়ারি) প্রয়াগরাজের একটি পুকুরে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ প্লেন। দুর্ঘটনার সময় প্লেনে থাকা দুই পাইলট নিরাপদে বের হয়ে পরবর্তীতে উদ্ধার করা হয়েছে।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় কোনো বেসামরিক হতাহতের তথ্য নেই এবং মাটিতে থাকা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়নি।
দুর্ঘটনার ভিডিওতে প্লেনটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকা এবং কিছু অংশে আগুন জ্বলতে দেখা গেছে। আরেকটি ভিডিওতে পাইলটদের নিরাপদে বের হয়ে আসার দৃশ্য ধরা পড়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতে পাইলট প্রশিক্ষণ ও বিমান পরিচালনার ঝুঁকি নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিভিন্ন স্থানে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। গত নভেম্বরে দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধবিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনা, চেন্নাইয়ের তাম্বারামের প্রশিক্ষণ প্লেন দুর্ঘটনা এবং হরিয়ানার পাঞ্চকুলার জাগুয়ার যুদ্ধবিমানের বিধ্বস্ত হওয়া এরই মধ্যে আলোচনার বিষয় ছিল।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, সর্বশেষ দুর্ঘটনার কারণ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে


