ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

অস্ট্রিয়ার আল্পসে তুষারধসে পাঁচ অফ-পিস্ট স্কিয়ার নিহত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ । ৮৫ জন

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভারী তুষারপাতের ফলে সৃষ্ট তুষারধসে অন্তত পাঁচজন অফ-পিস্ট স্কিয়ার নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সাল্‌জবুর্গের কাছে পংগাউ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পর্বত উদ্ধারকারী সংস্থা।

পর্বত উদ্ধার কর্মকর্তারা জানান, পংগাউ এলাকায় সাতজন স্কিয়ারের একটি দল অফ-পিস্ট এলাকায় স্কিইং করার সময় হঠাৎ তুষারধসের কবলে পড়ে। এতে চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং একজন গুরুতর আহত হন। বাকি দুইজন তুলনামূলকভাবে অক্ষত থাকলেও তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এর প্রায় দেড় ঘণ্টা আগে একই এলাকার খোলা আলপাইন ভূখণ্ডে আরেকটি তুষারধসে এক নারী স্কিয়ার চাপা পড়ে নিহত হন। দিনভর ওই অঞ্চলে আরও কয়েকটি তুষারধসের ঘটনা ঘটলেও সেগুলোতে কেউ হতাহত হননি।

পংগাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই ট্রাজেডি বেদনাদায়কভাবে দেখিয়ে দিয়েছে যে বর্তমানে তুষারধসের পরিস্থিতি কতটা ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ।

উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আল্পস অঞ্চলে খারাপ আবহাওয়া ও অস্থিতিশীল তুষারস্তরের কারণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে গত মঙ্গলবার অস্ট্রিয়ার ব্যাড গাস্টাইন স্কি রিসোর্টে তুষারধসে ১৩ বছর বয়সী এক চেক কিশোর নিহত হয়।